মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, কচ্ছপিয়ায় ৪ যুবকের মৃত্যু
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
* দালাল হামিদ পলাতক—দেলোয়ারও পালাতে তৎপর
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চার যুবক মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে নিহত হওয়ার ঘটনায় মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার অন্যতম অভিযুক্ত দালাল আবদুল হামিদ ইতোমধ্যে বিদেশে পালিয়ে গেছে এবং অপর দালাল দেলোয়ারও দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে কচ্ছপিয়া এলাকার কয়েকজন যুবক দালাল চক্রের মাধ্যমে সমুদ্রপথে যাত্রা করেন। পথে ট্রলারটি ডুবে গেলে ওই চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের স্বজনরা অভিযোগ করেন, মোটা অঙ্কের টাকা নিয়ে দালালরা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে তাদের পাঠায়। দুর্ঘটনার পর দালালরা আত্মগোপনে চলে যায়। তাদের একজন আবদুল হামিদ বিদেশে পালিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে দেলোয়ার নামের আরেক দালালও দ্রুত বিদেশে পালানোর চেষ্টা করছে বলে স্থানীয়দের আশঙ্কা।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পরও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় দালালরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্ত করে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

















