মিঠামইনে সাবেক বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (সাময়িকভাবে পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীর (৫৮) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় চাপাতিসহ ঘটনাস্থল থেকে একজন এবং পালিয়ে যাওয়ার সময় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই ভাড়াটে খুনি।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পুরাতন বেড়িবাঁধ-সংলগ্ন খামারবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে বিএনপিকর্মী হাদিস মিয়া (৩৮) গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীর এক সহযোগীকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাদিস মিয়া হামলাকারীদের একজনকে আটকানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে বিএনপির নেতাকর্মীদের ভিড় জমে। সেখানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানসহ অনেকে উপস্থিত হন।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের কপাল, হাত, দুই পা ও কোমরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্নের উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ হিমায়িত সংরক্ষণে রাখা হয়। পরিবারের সদস্যরা জানান, অস্ট্রেলিয়াপ্রবাসী নিহতের একমাত্র মেয়ে দেশে ফিরলে দাফন সম্পন্ন করা হবে।
ঘটনার পর ঘটনাস্থল থেকে চাপাতিসহ বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. হেলাল (২৫)কে আটক করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের মো. মহিনউদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাকিল হোসেন ওরফে শাহিন (২৫)কে বালিখলা ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে মিঠামইন থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিদের ভাড়াটে খুনি হিসেবে আনা হয়েছিল এবং তারা হত্যাকাণ্ডে জড়িত।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী ও মদদদাতাদের চিহ্নিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত আসামিদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, সরকারি গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি জাহিদুল আলম জাহাঙ্গীরকে উপজেলা সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে স্থগিত করে।















