মেহেরপুরে বৈদ্যুতিক সেচযন্ত্রের ৬টি ট্রান্সফরমার চুরি
- আপডেট সময় : ১৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাঠ থেকে বৈদ্যুতিক সেচযন্ত্রের ৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শনিবার রাতের কোন এক সময় বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ভরা রবি মৌসূমে ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, আড়পাড়া মাঠে কাছাকাছি দূরত্বে কয়েকটি বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে আবাদ করেন তিন গ্রামের কৃষকরা। গেল রাতে আড়পাড়া গ্রামের আব্দুল হালিম, শানঘাট গ্রামের জিনারূল ইসলাম, এবং জালশুকা গ্রামের রানা মিয়া ও রুহুল আমিনের সেচযন্ত্রের ৭টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এসময় দুটি ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রাখা হয়। বাকিগুলোর মধ্য থেকে ৪টি নিয়ে গেছে এবং একটি ট্রান্সফরমার ফেলে রেখে যায় চোরেরা।
আজ রোববার দুপুরে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কয়েক শ বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেনর গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস।













