ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল টেকনাফ বিজিবি বিদ্যালয়
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, কক্সবাজার জেলার একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জন গৌরবের বিষয়। এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, শুধু ভালো ফল অর্জন নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিজিবি ও বিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অর্জন শুধু ১৪ জন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিদ্যালয়, অভিভাবক এবং টেকনাফবাসীর জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। পরে লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান।

















