জগন্নাথকাঠি বন্দরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জগন্নাথকাঠি বন্দরে দিনে-দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকালশুক্রবার জগন্নাথকাঠি বন্দরের মেসার্স আবদুল্লাহ সু স্টোরের গোডাউনে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক মো. সোহেল জানান, তিনি প্রতি শুক্রবারের নিয়ম অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে যান। জগন্নাথকাঠি বন্দরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের সময় একই সঙ্গে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য নিজ নিজ বাড়ি বা মসজিদে চলে যান।
বিকাল আনুমানিক ৪টার দিকে দোকানে ফিরে তিনি দেখতে পান, জুতার দোকানের গোডাউনের কাঠের দরজা ভেঙে ফেলা হয়েছে এবং দরজাটিও সম্পূর্ণভাবে উধাও। গোডাউনের ভেতরে থাকা বেশ কয়েক জোড়া জুতা চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য কমপক্ষে এক লক্ষ টাকা বলে তিনি জানান।
দোকান মালিক আরও বলেন, নামাজের সময় বাজার ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বাজার কমিটির দৃষ্টি আকর্ষণের জন্য অফিসে অবহিত করেন।
এ বিষয়ে জগন্নাথকাঠি বন্দরের আহ্বায়ক কাজী আনসারুজ্জামান বলেন, “বাজারের সিসি ক্যামেরা চালু ছিল। ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি বাজার কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সান্ত্বনা দেন।
এদিকে, স্থানীয় অন্যান্য দোকানদাররা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে-দুপুরে যদি বাজারে এ ধরনের চুরির ঘটনা ঘটে, তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে ব্যবসায়ীরা বড় ঝুঁকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ব্যবসায়ী মহল ও স্থানীয়রা চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।














