‘জলাতঙ্ক নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে’
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ থেকে মানুষকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন। তিনি বলেন, জলাতঙ্ক একটি নিশ্চিত মৃত্যুঝুঁকিপূর্ণ রোগ, যার কার্যকর কোনো চিকিৎসা নেই। তাই প্রতিরোধই একমাত্র নিরাপদ পথ। কুকুর, বিড়াল কিংবা বন্যপ্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনায় অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তারা সভায় জানান, সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় শিয়াল, বানর ও বেজির মতো বন্যপ্রাণীর উপস্থিতিও রয়েছে। এসব প্রাণীর কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাণীর কামড়ে আহত হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। একই সঙ্গে বেওয়ারিশ প্রাণীর টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথি জলাতঙ্ক বিষয়ক সুপারভাইজার মোক্তার উদ্দিন বলেন, কামড়ের ধরন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি নির্ধারিত থাকে। সঠিকভাবে ক্ষত পরিষ্কার করা এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকা গ্রহণ করলে জলাতঙ্ক সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. ইউনুছসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।









