সুবর্ণচরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
- আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে ওই মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামে অবস্থিত দারুল উলুম সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায়। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসাটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) ফিরোজপুর জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদরাসাটির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, গত ৭ জানুয়ারি তিনি ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
ভুক্তভোগী ছাত্রী বর্তমানে সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় অধ্যয়নকালে প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। ফলে প্রায় এক সপ্তাহ ধরে মাদরাসাটি বন্ধ ছিল। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায়ও একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









