নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত
- আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) এবং একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভি ও হৃদয়। পথে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান হঠাৎ ইউটার্ন নিলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় চন্দ্র শীল ও পিকআপ ভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয় চন্দ্র শীলের মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









