খুলনায় ‘ইউথ ফর নেক্সট’ এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা
- আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
খুলনায় শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও নীতিভিত্তিক চিন্তাধারা বিকাশের লক্ষ্যে ‘ইউথ ফর নেক্সট’ এর উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি নগরীর সরকারি পাইওনিয়ার গার্লস হাই স্কুলে দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
‘১ম খুলনা ডিবেট ফেস্টিভ্যাল’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে খুলনায় শিক্ষার্থীদের জন্য একটি নতুন বিতর্ক প্ল্যাটফর্মের সূচনা করে সংগঠনটি। প্রতিযোগিতায় নগরীর সরকারি করোনেশন গার্লস হাই স্কুল, সরকারি পাইওনিয়ার গার্লস হাই স্কুল, আজম খান কমার্স কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনা দল জয় লাভ করে। রানার্সআপ হয় সরকারি করোনেশন গার্লস হাই স্কুল দল।অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রাইজ মানি, ট্রফি ও সনদ বিতরণ করা হয়।
আয়োজক কমিটির সেক্রেটারি জেনারেল নাফিসা ইসলাম পর্না বলেন, তরুণদের বিশ্লেষণী চিন্তা, নীতিনির্ধারণে আগ্রহ এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ‘ইউথ ফর নেক্সট’, এমইউএনসহ আরও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিচারক হিসেবে উপস্থিত মেহেদী হাসান বলেন, বিচারক মেহেদী হাসান বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘ইউথ ফর নেক্সট’ এর এই উদ্যোগ প্রশংসনীয়।
বিচারক হিসেবে উপস্থিত মোহাম্মাদ আলী ফুয়াদ বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত গঠনমূলক ও মানসম্মত। অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, ভাষা ও শালীনতার চমৎকার সমন্বয় দেখিয়েছে। এমন আয়োজন তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও দায়িত্বশীল মত প্রকাশের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন ফারিহা জামান ও আহসান হাবিব। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন খুলনায় বিতর্কচর্চা ও শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
















