ক্ষমতায় এলে সুবর্ণচরের চেহারা বদলে যাবে : শাহজাহান
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভা হিসেবে বাস্তবায়ন, সুবর্ণচরে রেললাইন স্থাপন এবং চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান।
গতকাল রোববার বিকেলে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, সুবর্ণচরের মানুষ দীর্ঘদিন ধরে পানির সংকট, বিদ্যুৎ ঘাটতি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থাসহ নানা সমস্যায় ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সুবর্ণচরের বহু প্রতীক্ষিত পৌরসভা বাস্তবায়ন, রেললাইন স্থাপন এবং চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভা শেষে এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয় এবং নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
















