হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের
- আপডেট সময় : ১৪২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলে মারামারির কথা বলা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চানন্দী ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৩২ বছর বয়সী এক নারীকে নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে তিনি চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে অভিযোগটি জানার পর তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও দাবি পুলিশের। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন। এর মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানান।














