নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, তিনজন আটক
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের নিকটবর্তী সীমান্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে নিয়মিত টহলকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে টহলরত সদস্যরা তিনজনকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্য বলে পরিচয় দেয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম (পিএসসি) বলেন, “ঘুমধুম সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। এখানে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা সন্ত্রাসী তৎপরতা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “বিজিবি আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছে। তাদের পরিচয়, উদ্দেশ্য ও সম্ভাব্য সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
ওসি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে ঘুমধুম ও আশপাশের সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।



















