ইসলামপুরে সাংবাদিক সোহরাব হোসেনের মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ, ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন।
সোহরাব হোসেন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি কেবল একজন পেশাদার সাংবাদিকই ছিলেন না বরং ইসলামপুরের ক্রীড়া উন্নয়ন,সামাজিক আন্দোলন এবং গণমাধ্যমের বিকাশে ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর নেতৃত্বগুণ, স্পষ্টভাষিতা ও আপসহীন মনোভাব আজও স্থানীয় সাংবাদিকদের অনুপ্রেরণা জোগায়।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও তরুণ ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ইসলামপুর প্রেসক্লাব-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।



















