হামের টিকাদান উদ্বোধন করেন নগরকান্দা ইউএনও
- আপডেট সময় : ১৬৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইনের উপজেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. তাহমিনা বেগম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির এবং নগরকান্দা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী মেহেদী হাসান সাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হামের টিকার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশু শ্রেণির ১৮ জন শিক্ষার্থীকে হামের টিকা প্রদান করা হয়। এর মধ্য দিয়ে উপজেলায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কর্মসূচির সূচনা হলো।








