পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সদর কান্দাহাটিতে অবস্থিত সংস্থাটির হোমনা শাখা কার্যালয়ে এ ক্যাম্প শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।
ক্যাম্পে সভাপতিত্ব করেন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার সাইমুন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মসূচিতে চারজন অভিজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে শাখার সদস্যদের পাশাপাশি সাধারণ সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসা সেবার মধ্যে ছিল চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা এবং গাইনি ও স্ত্রী রোগ সংক্রান্ত পরামর্শ।চশমা বিতরন পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা প্রায় ৭০ বছর বয়সী আছিয়া বেগম জানান, গত বছরও তিনি এখান থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন। এবারও বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধের খবর পেয়ে তিনি সেবা নিতে এসেছেন। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৩০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সেবা গ্রহণকারী ও স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।


















