রামুতে ডাকাতির প্রস্তুতি পণ্ড, অস্ত্রসহ গ্রেফতার ৭
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারে অপরাধ দমনে কক্সবাজার সদর মডেল থানা ও রামু থানার ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এরই ধারাবাহিকতায় রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল সরঞ্জামসহ ৭ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোর ৬টা ১০ মিনিটের দিকে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই ছবিউল্লাহ, এএসআই মো. ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মো. জাহেদুল ইসলাম, এএসআই মো. সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ একটি দল অভিযান পরিচালনা করে।
সকাল ৯টা ১৫ মিনিটে বড় ধলিরছড়া এলাকার আমির হোসেন ওরফে কালাবাঁশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজ, কিরিচসহ ধারালো অস্ত্র, ৯টি চকলেট বোমা, গ্রাইন্ডিং মেশিন, লোহার রড, পাইপ, কাটিং ও মেরামত সরঞ্জাম এবং অস্ত্র তৈরির নকশাসহ বিপুল আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, কক্সবাজার সদর মডেল থানার এপ্রিল ২০২৬ মাসের অভিযানে সাজাপ্রাপ্ত ১৪৯ জন পরোয়ানাভুক্ত আসামি, ৪১ জন ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ৩৭৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।














