পল্লবীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবী এলাকা থেকে একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল। গতকাল মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬ সদর কোম্পানি, ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র্যাব-১ সিপিসি-১ উত্তরা, ঢাকার একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে রোড নং-০৬, ব্লক-এ, সেকশন-১১, আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হাফিজ মোল্যা (৩৫)-কে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক এবং র্যাব-১ এর মেজর রবিউল আলম ও সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারী তার শিশুকে নিয়ে বাসার বাইরে গেলে আসামি তাকে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিমানবন্দর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














