নবীনগরে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল মান্নান। তিনি বলেন, “সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষিতে আরেকটি বিপ্লব ঘটবে। “কৃষি খাতকে এগিয়ে নিতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কম সময়ে অধিক উৎপাদন সম্ভব হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষিতে যে অগ্রযাত্রার সূচনা হয়েছিল, বর্তমান সময়ে তা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা কৃষি খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল ও রাসেদুল হক কাজী সুমন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, বিতরণকৃত এসব যন্ত্র ইউনিয়ন পর্যায়ে কৃষকদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। এর ফলে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং কৃষি ব্যবস্থাপনায় গতি আসবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














