হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলা মোটর গ্রুপ মালিক পক্ষের বিরুদ্ধে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
এর ফলে গতকাল বুধবার (১৩ মে) সকাল থেকে মহাসড়কে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল আবারও স্বাভাবিক হয়ে আসে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেট সহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেক যাত্রীকে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া- মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হয়। এর প্রতিবাদেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল।

















