গোলাপগঞ্জে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রকৃত গণমাধ্যমকর্মীরা
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা-এ ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যের সংবাদ ও ছবি নিজের নামে ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহল।
এ বিষয়ে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি-র সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “গোলাপগঞ্জে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আমার কাছে অভিযোগ জানিয়েছেন, উপজেলার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযানের নামে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে সংবাদ প্রকাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়।”
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভুয়া পরিচয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব-র সভাপতি ও দৈনিক মানবজমিন গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওলানা আব্দুল জলিল বলেন, “ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিক সংগঠনগুলোকেও এ বিষয়ে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখা-র সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত প্রকৃত সাংবাদিকদের তালিকা যাচাই করে ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।”
অভিযোগের বিষয়ে এমন এক কথিত সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে একটি জাতীয় গণমাধ্যমের কর্মী বলে দাবি করেন। তবে অন্যের সংবাদ ও ছবি নিজের নামে প্রচার করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
অন্যদিকে স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা প্রকৃত গণমাধ্যমকর্মীদের পরিচয় যাচাই এবং ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


















