জামশা ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুল মজিদ
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও জামশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ। তিনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত, আধুনিক এবং জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
মো. আব্দুল মজিদ উপজেলার গোলাই গ্রামের বাসিন্দা। তিনি মৃত চানবর আলীর ছেলে। ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে সিংগাইর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় সরকার ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করে আসছেন। তিনবারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি করেন তিনি।
বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘ ১৭ বছর ধরে সম্পৃক্ত আব্দুল মজিদ বর্তমানে জামশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের পাশে থাকার মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন।
মো. আব্দুল মজিদ বলেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করব এবং জামশা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।














