টেকনাফে র্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ২
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় টেকনাফ উপজেলার দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবার এ চালান জব্দ করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের সড়ক দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টা ১৫ মিনিটে সেখানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপানিরছড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে র্যাব সদস্যরা তাদের থামার সংকেত দেন। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা নুরুল আমিনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার মো. আজিজ খান (২৩) এবং লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর বাসিন্দা নুরুল আমিন (৩৪)।
র্যাব জানায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় ইয়াবাসহ সব ধরনের মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক-সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।















