ঠাকুরগাঁও হাসপাতালে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় চুরি ও চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ জুলাই সকাল ১০টার দিকে মাসুদ রানা (২১) তাঁর অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি হাসপাতালের টিকা কেন্দ্রের গেটের সামনে ইজিবাইকটি রেখে জরুরি বিভাগে বাবাকে নিয়ে যান। পরে বেলা ১১টা ৩৫ মিনিটে ফিরে এসে ইজিবাইকটি না পেয়ে থানায় অভিযোগ করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গড়েয়া বাজার এলাকা থেকে মো. মোমিন (৫৪) ও মো. বাদলকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৫৩) ও মো. তসলিম বাবু (৩২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তসলিম বাবুর দেওয়া তথ্য অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সম্ভাব্য ক্রেতা পালিয়ে যায়।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের এ চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।














