হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুতে আয়োজিত মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করা হয়নি।
জানা গেছে, হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি-সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি ও সাধারণ মানুষের মতামত নিতে ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি, জামায়াত, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য-কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর ইউনিয়ন বিভক্তির বিরোধিতায় একটি বিক্ষোভ মিছিল পরিষদ চত্বরে এসে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন পরিষদের দরজা, জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল আহত হয়েছেন বলেও জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইউনিয়ন পরিষদে আটকে পড়া নেতাকর্মীদের নিরাপদে বের করে নিয়ে যান।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে আমার কাছে মনে হয়েছে।”
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, তারা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির বিরোধী। তাদের দাবি, ইউনিয়ন বিভক্ত হলে সাধারণ মানুষের প্রশাসনিক সেবা গ্রহণে ভোগান্তি বাড়বে।
এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ. এ. সোহেল চৌধুরী এক বিবৃতিতে সংঘর্ষ ও ভাঙচুরের নিন্দা জানিয়ে বলেন, মতপার্থক্য শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। একই সঙ্গে তিনি জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছ পরিবেশে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা আটকের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।













