আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল আলম সোহাগের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ জানানো হয়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন ওসি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

















