উল্টো রথযাত্রায় শেষ হলো বান্দরবানের জগন্নাথ উৎসব
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (২৪ জুলাই) বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের অংশগ্রহণে উৎসবের সমাপ্তি হয়।
সকাল থেকে বালাঘাটা শ্রীশ্রী রক্ষা কালী মন্দিরে হরিনাম সংকীর্তন, আলোচনা সভা, ধর্মীয় সংগীত পরিবেশনা ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী উল্টো রথযাত্রার উদ্বোধন করেন। পরে বালাঘাটা শ্রীশ্রী রক্ষা কালী মন্দির থেকে সুসজ্জিত রথ টেনে ভক্তরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান শ্রীশ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে গিয়ে সমবেত হন।
এ সময় বান্দরবান শ্রীশ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্যসচিব আনন্দ দাশসহ বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বান্দরবানে নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান শেষে শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

















