মানসিক ভারসাম্যহীন মা-নবজাতকের দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় রাস্তার পাশে সন্তান জন্ম দেওয়া এক মানসিক ভারসাম্যহীন মা ও তার নবজাতকের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা, ভরণ-পোষণ ও সার্বিক দায়িত্ব সরকার বহন করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
সোমবার (২৭ জুলাই) উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় প্রসববেদনায় আক্রান্ত ওই নারী স্থানীয়দের সহায়তায় রাস্তার পাশেই একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়রা মা ও নবজাতককে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ইউএনও রেজওয়ানা আফরিন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ উপস্থিত ছিলেন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে মা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে তাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত মা ও নবজাতকের চিকিৎসা, ভরণ-পোষণ ও সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।














