ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি বাবলু ইন্তেকাল
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার তিনবারের নির্বাচিত সফল সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু গতকাল শনিবার দুপুর আনুমানিক ১:৪০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে এসেছে, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী আটঘরিয়ার সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ও পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ তার বাড়িতে সমবেদনা জানাতে ছুটে যান এবং শোক প্রকাশ করেছেন। মরহুম মোখলেসুর রহমান বাবলুর মৃত্যুর খবর শুনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বিভিন্ন এলাকা থেকে তার বাসভবন ফতেমোহাম্মদপুরে এক নজর দেখার জন্য ভিড় জমান। তিনবারের মেয়র থাকা অবস্থায় তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। কর্মের মাধ্যমে ঈশ্বরদীবাসী তাকে স্মরণ করে রাখবে। শনিবার রাত ১০টার সময় ঈশ্বরদী ফতে মোহাম্মদপুর লোকো ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা নামাজ রাত ১০ঃ৩০ মিনিটের সময় ঈশ্বরদীর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযা নামাজে মরহুমের আত্মীয় -স্বজন বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং ধর্মপ্রাণ মুসল্লিগন সবাই উপস্থিত ছিলেন। ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।















