কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে কথিত হানি ট্রাপার ও প্রতারক চক্রের মূলহোতা রেশমা কর্তৃক দৈনিক নবচেতনার কেশবপুর প্রতিনিধি সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ, হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে রেশমাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেশমা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মাধ্যমে ‘হানি ট্রাপ’ ও ব্ল্যাকমেইলিং করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে তার মিথ্যা অভিযোগ ও হুমকি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।
কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি দৈনিক জন্মভূমি পত্রিকার কেশবপুর প্রতিনিধি মোঃ আশরাফুজ্জামান বলেন,
সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। যারা প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
প্রেসক্লাব কেশবপুরের সভাপতি দৈনিক আমারদেশ ও দৈনিক রানার পত্রিকা এশিয়ান টিভি কেশবপুর প্রতিনিধি মোঃ ওয়াজেদ খান ডবলু বলেন,একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের হুমকি অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত রেশমাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বাংলা, প্রতিদিনের কাগজ ও দৈনিক খুলনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন,সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে একটি চক্র সাংবাদিকদের দমিয়ে রাখার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
কেশবপুর নিউজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি প্রদীপ কুমার মোদক মানিক বলেন প্রতারক রেশমা কে দ্রুত গ্রেফতার করতে হবে। ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কেশবপুর শাখার সভাপতি মোঃ শামীম আখতার মুকুল বলেন,রেশমার বিরুদ্ধে এলাকায় বহু প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ রয়েছে। প্রশাসনকে শুধু তাকে নয়, তার পেছনের গডফাদারদেরও খুঁজে বের করতে হবে।
এনটিভির মনিরামপুর ও কেশবপুর প্রতিনিধি মোঃ এনামুল হাসান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি এ ধরনের হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে উপস্থিত অন্যান্য সাংবাদিক ও সচেতন নাগরিকরাও রেশমার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় কেশবপুর ও আশপাশের এলাকার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক এবং স্থানীয় সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।


















