গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ২১৭ বোতল অবৈধ এস্কাফ সিরাপ ও এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গোমস্তাপুর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ২০ মিনিটে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২) নামে এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
পরে ভোর ৪টা ২৫ মিনিটে একই ইউনিয়নের দাড়িপাতা কামারপাড়া এলাকার বারোদুয়ারী রেলক্রসিং-সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে সাহেদ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২১৭ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক মূল্য এক লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, উদ্ধার হওয়া আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।














