টেকনাফে গাড়ির চাপায় শিশুর পা বিচ্ছিন্ন
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আলী আকবর পাড়ার গ্রামের বাইরোডে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনকারী গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছে ৬ বছরের এক শিশু। বর্তমানে শিশুটি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
আহত শিশুর নাম আল মামুন (৬)। সে রোজার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। তার পিতা মোহাম্মদ আব্দুল্লাহ ও মাতা আমিনা বেগম। পরিবারটি অত্যন্ত দরিদ্র ও অসহায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের বাড়ি হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী আকবর পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে গ্রামের বাইরোড দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে আনা মাটি বহনকারী একটি ডাম্পার গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় শিশু আল মামুনকে চাপা দেয়। এতে তার একটি পা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালের অপারেশন রুমে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তার বেঁচে থাকা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন পরিবার ও স্বজনরা।
দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর চট্টমেট্রো-১১-১৭০৫ বলে জানা গেছে। গাড়ির চালকের নাম কালু এবং মালিক হিসেবে হ্নীলার মোস্তাক প্রকাশ “দালাল মোস্তাক”-এর নাম জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয়রা গণমুক্তির সাংবাদিককে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় মাটিবাহী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল অবৈধ পাহাড় কাটা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।














