টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ২২০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। গতকাল বুধবার (৮ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল রাত ১টা ৩৫ মিনিটের দিকে ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে ফরিদুল আলম (৪৮) কে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফরিদুল আলমের বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং আদালতের রায় বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।














