ড্রামভর্তি ডিজেল কেড়ে নিল শিশুর প্রাণ
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
বারান্দায় রাখা ড্রামে সংরক্ষিত ৭০ লিটার ডিজেল। তবে ড্রামটির মুখ খোলা। পাশেই খেলছিল তিন বছরের ছোট্ট আরাফ। খেলার এক ফাঁকে সেই ড্রামেই পড়ে গেল সে। বিষয়টি পরিবারের নজরে আসে কিছুক্ষণ পর। ততক্ষণে হয়ে গেছে বড্ড দেরি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি শিশুটিকে।
গত মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত আরাফ ওই গ্রামের বাবু মিয়ার ছেলে।
পরিবারের ভাষ্য, প্রতিদিনের মতোই বারান্দায় খেলছিল আরাফ। কখন কীভাবে তেলের ড্রামে পড়ে গিয়েছিল সে, তা কেউ টের পায়নি। কিছুক্ষণ আরাফের আওয়াজ না পেয়ে, খুঁজতে গিয়ে ড্রাম থেকে উদ্ধার করা হয় তাকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও, বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তাদের দাবি, ফুটো হয়ে গিয়েছিল আরাফের বাবা বাবু মিয়ার ট্রাকের ট্যাংকি। তাই সাময়িকভাবে ট্যাংকিতে থাকা প্রায় ৭০ লিটার ডিজেল সংরক্ষণ করা হয়েছিল সেই ড্রামে।
এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম। পরে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

















