দিরাইয়ে জলমহালের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় শিশির নূর ও রাসেল মিয়ার সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশের ধলিপুরী ডোবা নামক একটি জলমহাল ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন একই গ্রামের রাসেল মিয়া। তবে ওই জলমহালের অংশীদারিত্ব দাবি করে আসছিলেন শিশির নূর। এই জলমহাল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবাটিতে সেচ দিয়ে মাছ ধরতে গেলে শিশির নূরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহতরা হলেন,মুরসালিন (২৫)তারাজুল (৩২)রাজরান (২৪)গোলাম কিবরিয়া(৫০)
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চারজনের ক্ষত গভীর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















