ধামরাইয়ে জুয়ার জেরে পরীক্ষার্থীকে হত্যা, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ার টাকার লোভে এক এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এ ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল শনিবার ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) ধামরাই পৌর শহরের পশ্চিম লাকুড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অনলাইন জুয়ায় আসক্ত শামীম হোসেন স্বপন টাকা সংকটে ডিমা ভাজার কথা বলে নাহিদা আক্তারের রুমে যায় স্বপন, এ সময় নাহিদার গলায় স্বর্ণের চেন দেখতে পেয়ে গহনা লুটের উদ্দেশ্যে গত ২৩ এপ্রিল বিকেলে সাব্বির হোসেনের বাড়ির নিচতলায় নাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করেন।
গ্রেপ্তারকৃত স্বপন সাভার উপজেলার আশুলিয়া থানার রহিমপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
নিহত নাহিদা আক্তার (১৬) ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি লাকুড়িয়াপাড়ায় তার নানীর সঙ্গে বসবাস করতেন। তার মা লিজা আক্তার প্রবাসে এবং বাবা নুর হোসেন বরিশালে থাকেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















