নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
বুধবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘তেপান্তর’-এ এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সরকারি নজমুল স্মৃতি কলেজের প্রতিনিধি, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগব্যবস্থা, সীমান্ত এলাকার সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসক উপস্থিত ব্যক্তিদের বক্তব্য, মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যার বাস্তবসম্মত ও দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।















