নিখোঁজের তিন দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের তিন দিন পর আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
গতকাল শনিবার (১১ জুলাই) ২০২৬ তারিখ সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি খালের পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের এনামুল হকের আড়াই বছর বয়সী ছেলে আব্দুল্লাহ গত ৮ জুলাই সকাল ৯টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ওই দিনই তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
জিডির পর তারাকান্দা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী আনোয়ার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি খালে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শিশুটির বাবা এনামুল হক অভিযোগ করেন, তার বড় ভাইয়ের মেয়ের জামাই একই গ্রামের রমজান মিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে রমজান মিয়ার স্ত্রী সন্তানসহ দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে অবস্থান করছিলেন। তার দাবি, ভুলবশত অন্য কাউকে দিয়ে তার ছেলে আব্দুল্লাহকে অপহরণ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।

















