নেছারাবাদে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ১
- আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক পান ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে নুরুল আলম। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হ’ত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ চন্দ্র হালদার (৩৬)—পিতা সুভাস চন্দ্র হালদার, সাং বাটনাতলা, ওয়ার্ড নং ০৬, ০৭নং গুয়ারেখা ইউনিয়ন—এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সবুজ চন্দ্র হালদার পান ক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাটনাতলার দিকে যাচ্ছিলেন। পথে নেছারাবাদ থানাধীন ২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী এলাকায় সরদার বাড়ির সামনে পৌঁছালে এক ব্যক্তি তাকে মোটরসাইকেল থামাতে ইশারা করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীকে মাদক ব্যবসায়ী বলে অভিযোগ করেন। এ সময় তিনি মোটরসাইকেলের সাইড কভার থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে তাতে ইয়াবা আছে বলে মিথ্যা নাটক সাজান। পরে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
কিছু সময় পর আরেক অভিযুক্ত ঘটনাস্থলে এসে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং দাবি করা টাকা না দিলে মোটরসাইকেল না দেওয়ার হুমকি দেয়। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরিস্থিতির সুযোগ নিয়ে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে এক অভিযুক্তকে আটক করে। এ সময় আটককৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়।









