বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
শরীয়তপুরে লোডশেডিংমুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
গতকাল শনিবার ডামুড্যা উপজেলার সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার এর সঙ্গে আলোচনা করে সার্বিক পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ চান।
হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “শরীয়তপুর জেলা আমার পরিবার, এ জেলার মানুষের কাছে আমি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই জেলাকে লোডশেডিংমুক্ত করতে আপনাদের পরামর্শ চাইছি। আপনাদের যা প্রয়োজন, আমাকে জানাবেন আমি তা বাস্তবায়ন করব।”
হুইপ অপু আরও বলেন, বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত বিল পরিশোধের মাধ্যমে বিদ্যুৎ খাত সচল রাখা সম্ভব, যা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
এ সময় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, বকেয়া বিলের কারণে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয় এবং অনেক সময় সরবরাহে বিঘ্ন ঘটে। এ অবস্থায় হুইপ অপু সকল গ্রাহককে সময়মতো বিল পরিশোধের জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















