রামুতে দুর্যোগ সহনশীল উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি
বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও টেকসই অবকাঠামো উন্নয়নে বাস্তবায়িত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিসিআরএসআর (BCRSR) প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। প্রকল্পগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ ও কাজের গুণগত মান যাচাই করতে ১১ মে দিনব্যাপী পরিদর্শনে আসেন প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. নাজমুল আবেদীন।
পরিদর্শনকালে তিনি উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বসুন্ধরার সামনের ব্রীজ থেকে ঠাকুরঘোনা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার খাল খনন কার্যক্রম ঘুরে দেখেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, কৃষিজমি প্লাবিত হওয়া এবং চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বর্তমানে খাল খননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, আগে অল্প বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যেত। এখন খননকাজের কারণে পানি দ্রুত নেমে যাচ্ছে, ফলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি বসতবাড়িও নিরাপদ থাকবে বলে তারা আশা করছেন।
পরবর্তীতে প্রকল্প পরিচালক ফতেখাঁরকুল ইউনিয়নে চলমান ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি, নির্মাণমান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মো. নাজমুল আবেদীন বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলাবদ্ধতা নিরসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিসিআরএসআর প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।”
সংশ্লিষ্টদের মতে, রামুর মতো দুর্যোগপ্রবণ এলাকায় খাল পুনঃখনন, ড্রেনেজ উন্নয়ন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ ভবিষ্যতে বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় জনগণও প্রকল্পের কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন।














