সংবাদ শিরোনাম ::
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
মনির হোসেন
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
মায়ানমারে পাচারকালে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২,৪০০ বস্তা সিমেন্ট ও ৩ টি বোটসহ ৩৩ পাচারকারীকে আটক করা হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ১৬ মে ২০২৬ শনিবার সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত ফিশিং বোট ৩ টির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা হতে সিমেন্ট বোঝাই করে মায়ানমারের নিষিদ্ধ গোষ্ঠিকে সরবরাহের উদ্দেশ্যে গমন করছিলো। এ ধরনের চোরাচালানের সাথে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীকেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।


















