মোংলা বন্দরে তিন অ্যাংকোরেজ চালু হওয়ায় ভিড়ছে বড় জাহাজ
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থবছরের সকল রেকর্ড ভেঙে চলতি অর্থবছরে পণ্য আমদানি রপ্তানির সবগুলো সূচকে এগিয়ে গেছে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। জ্বালানি সংকট এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকলেও অর্থবছরের সাড়ে ৯ মাসে মোংলা বন্দর দিয়ে রেকর্ড সংখ্যক পণ্য আমদানি রপ্তানি করা হয়েছে। এক কথায় বলা যায় সমুদ্র অর্থনীতিতে এ বন্দর এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্দরের অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করতে বন্দরের হিরণ পয়েন্ট এলাকায় আরো তিনটি অ্যাংকোরেজ বার্থ চালু করা হয়েছে। এতে বন্দরের জাহাজ আগমন আরো বাড়বে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত সাড়ে ৯ মাসে ৩৯টি বিদেশি কন্টেইনার জাহাজের মাধ্যমে মোংলা বন্দর দিয়ে মোট ২৫ হাজার ২৫০ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। গত অর্থবছরে এ বন্দর দিয়ে ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিল।
বিদেশি গাড়ি আমদানিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। গত অর্থবছরে এ বন্দর দিয়ে ১১ হাজার ৫৭৯টি গাড়ি আমদানি করা হয়েছে। চলতি অর্থবছরের সাড়ে ৯ মাসে ২২টি জাহাজের মাধ্যমে বন্দর দিয়ে মোট ৯ হাজার ১৬০টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে।
কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের দীর্ঘদিনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। আর সেটি হল বছরে দেড় কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং সক্ষমতা অর্জন করা। এবছর সাড়ে ৯ মাসে বন্দর দিয়ে মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৪৯০ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। আশা করা যায় এ অর্থবছরেই কার্গো হ্যান্ডলিংয়ে বন্দর কর্তৃপক্ষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান বলেন, গতবছর ৮৩০টি জাহাজ বন্দরে নোঙর করেছিল এবছর অন্তত ৮৬০-৮৭০ টির মত বিদেশি জাহাজ বন্দরে আসবে। সাড়ে ৯ মাসে ৬৯৯ টি জাহাজ ইতিমধ্যে বন্দরে ভিড়েছে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে এবং আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় তিনটি নতুন অপারেশনাল অ্যাংকোরেজ বার্থ চালু করা হয়েছে। এতে ২০০ মিটার দৈর্ঘ্যে ও ৯মিটার গভীরতার জাহাজগুলো সহজেই অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করতে পারছে।
তিনি আরো বলেন, ৯ মিটার গভীরতার ৩৯টি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে এই বার্থগুলিতে ইতিমধ্যেই ট্রায়াল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

















