সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া আমেনা (৮) নামে ইতালিপ্রবাসী পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামে নানার বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল আরশিয়া আমেনা। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে সে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে আরশিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত জলাশয়ে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
















