লালপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, সড়ক অবরোধ
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদল নেতার ভিডিও ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছেন। এ সময় নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ এবং ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দোহা’র সমর্থক এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন আগে মজনুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এই বিরোধ নতুন করে উত্তেজনা তৈরি করে। বিষয়টি নিয়ে হাসান আলী নামে একজন থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার পুলিশ তদন্তে আসে। এতে উত্তেজনা আরো বাড়ে এবং শুক্রবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম সহ অন্তত: ১০ জন আহত হন। আহত রাশেদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাগেছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আহত’র সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে।















