সকাল ১০টায়ও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীর দপ্তরে নির্ধারিত সময়েও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া গেছে। রোববার সকাল ১০টা পর্যন্ত সরেজমিনে গিয়ে অফিসে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, অফিসে কর্মরত ১২ জনের মধ্যে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামান ও লাইনম্যান এবিএম কাইয়ুম ছাড়া অন্য কাউকে অফিসে পাওয়া যায়নি। সকাল ৯টা ৫৬ মিনিট পর্যন্ত আবাসিক প্রকৌশলীও অফিসে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে থাকার কথা। ধারণা করা হচ্ছে, তারা নিচতলার কক্ষে আছেন।
পরে নিচতলার অফিস কক্ষে গিয়েও লাইনম্যান এবিএম কাইয়ুম ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি। তার মাধ্যমে বিভিন্ন কর্মচারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে একজন জানান তিনি সোহাগী বাজারে, আরেকজন জানান তিনি ঈশ্বরগঞ্জ বাজার থেকে অফিসে আসছেন। অপর একজন বাসায় থাকার কথা জানান এবং ছুটিতে থাকার দাবি করেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কর্মচারীর ছুটির বিষয়ে জানেন না বলে জানান।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, এক্সচেঞ্জ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে অফিসে আসতে তার সকাল ১১টা বেজে যায়। সরকারি অফিসের নির্ধারিত সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সব সময় নির্ধারিত সময়সূচি অনুসরণ করা সম্ভব হয় না।
কর্মস্থলে না থেকে ময়মনসিংহে বসবাসের বিষয়ে তিনি বলেন, সরকারি আবাসন না থাকায় তিনি ময়মনসিংহে থাকেন।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিউবোর এক্সচেঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হবে। আবাসিক প্রকৌশলীকেও কর্মস্থলে অবস্থান করতে হবে।
ময়মনসিংহ বিউবোর প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আবাসিক প্রকৌশলীর কর্মস্থলে না থাকার অভিযোগও যাচাই করা হবে।













