কেশবপুরে এমপি সুলতানা আহমেদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদারের আহ্বান
যশোর-০৬ কেশবপুর সংরক্ষিত মহিলা আসনের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন গত মঙ্গলবার (২১ জুলাই) বিকালে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সুলতানা আহমেদ (এমপি) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলমান রয়েছে। এ আন্দোলনকে সফল করতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, কেশবপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পৌর বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
অপর বিশেষ অতিথি প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী দলের সম্পদ। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের আদর্শ সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে।
সভায় বক্তারা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভাটি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

















