কেশবপুরে বাসচাপায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে বাসচাপায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে কেশবপুর পৌরসভার মাইকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মোটরসাইকেলে কেশবপুর সদরের দিকে যাচ্ছিলেন। পথে মাইকেল মোড় এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ও চালুয়াহাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেশবপুর থানার এসআই সঞ্জয় বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মোহাম্মদ আলী দীর্ঘদিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা শোক প্রকাশ করেছেন।














