জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন না হলে এমপিগিরি ছাড়ব: ফজলুর রহমান
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে না পারলে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে গ্রেপ্তার আসামিদের আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছি। তারা যদি হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারে, তাহলে আমি নিজেই প্রয়োজনীয় উদ্যোগ নেব। যদি এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি এমপিগিরি ছেড়ে দেব।’
বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী দল হিসেবে উল্লেখ করে দলটির সমালোচনা করেন। পাশাপাশি গত নির্বাচনে মিঠামইনের বিভিন্ন কেন্দ্রে নিজের পরাজয়ের প্রসঙ্গও তুলে ধরেন।
শোকসভায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাকসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।














