মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খাল থেকে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ভবনগর খালের সেতুর ওপর থেকে অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খালের পানিতে তার হাত ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।














