তালা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এক চিকিৎসক এবং এসি চুরির ঘটনায় অভিযুক্ত এক নাইট গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), ওষুধের স্টোর, অফিস কক্ষ, ওয়াশরুম এবং চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন। তিনি হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও পরীক্ষা করেন। পরে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক সেবার বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শন শেষে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে স্ট্যান্ড রিলিজের জন্য স্বাস্থ্য মহাপরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় অভিযুক্ত নাইট গার্ড মোস্তফা বিশ্বাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। চলমান সংস্কারকাজ, বিশেষ করে ওয়াশরুম সংস্কার দ্রুত শেষ করারও নির্দেশনা দেন।
এ সময় ২০১৯ সালের পর থেকে আউটসোর্সিং কর্মীদের বেতন না পাওয়ার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপজেলা পর্যায়ের কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকে নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগির শুরু হবে। এর আওতায় ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে, যেখানে পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার, ট্রমা সেন্টার ও আধুনিক প্যাথলজি সেন্টার স্থাপন করা হবে।
পরিদর্শনকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।















